৪৫তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে ঢাকার সাফল্য শুন্য

১২ জুন, ২০২৪ ০০:০৫  

রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে চলছে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। মেলায় অংশগ্রহণ করেছে দেশের ৬৪ জেলার ৭ শতাধিক শিক্ষার্থী, নবীন বিজ্ঞানী ও উদ্ভাবক। জেলা ও বিভাগীয় পর্যায় থেকে বিজয়ী হয়ে কেন্দ্রীয় এই উৎসবে নিজেদের উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি কুইজ এবং অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন খুদে বিজ্ঞানপ্রেমীরা।

অলিম্পিয়াডের ফলাফলের পুরোটাই দখলে গেছে রাজধানী ঢাকার বাইরের শিক্ষার্থীদের। ঢাকা থেকে এজনও নেই দুই গ্রুপে নির্বাচিত ১০ প্রতিযোগীর মধ্যে। আর বড়দের গ্রুপে বিজয়ীদের মধ্যে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে মেয়ে প্রতিযোগীরা।

জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপে ১৯২টি উদ্ভাবন প্রদর্শন করছে তরুণ উদ্ভাবকরা। এছাড়া দেশের ৮ বিভাগ থেকে বিজয়ী ২৪টি দল বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

অপরদিকে উৎসবের প্রথমদিন মঙ্গলবার অলিম্পিয়াডে অংশ নিয়ে জাতীয় পর্যায়ে জুনিয়র গ্রুপে প্রথম হয়েছেন খুলনা জেলা স্কুলের শিক্ষার্থী মোঃ নাজিব মাহমুদ এবং সিনিয়র গ্রুপে প্রথম হয়েছেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রী ফাতেমা মারিয়া।

মেধাক্রম অনুসারে অলিম্পিয়াডে অংশ নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোঃ নুরুজ্জামান খান দ্বিতীয়; চাপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ আল সাজিদ তৃতীয়, লালমনিরহাটের নর্থল্যান্ড মডেল স্কুলের মোঃ ফারহান মাহদী উল আলম চতুর্থ এবং পঞ্চম হয়েছেন পাবনা জেলা স্কুলের শিক্ষার্থী সাদমান আলিম নির্ঝর।

অপরদিকে সিনিয়র গ্রুপের ফলাফলে সিরাজগঞ্জ সরকারি কলেজের তাসনিম তাবাসসুম দ্বিতীয়, ভোলা সরকারি কলেজের মোঃ ওমর ফারহান তৃতীয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের তাসলিমা তাসনিম লামিয়া চতুর্থ এবং গাজীপুর সরকারি মহিলা কলেজের লাবিবা তাসনিম পঞ্চম হয়েছেন।

এই প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলা থেকে জুনিয়র ও সিনিয়র গ্রুপের মোট ২৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

https://digibanglatech.news/news24x7/local/science/133594/?swcfpc=1